টেসলা কারে যুক্ত হবে নেটফ্লিক্স ও ইউটিউব স্ট্রিমিং

২৯ জুলাই, ২০১৯ ০০:১৮  
গাড়িতে বসে পুরাতন শো, মুভি কিংবা গান দেখতে দেখতে বিরক্ত? যাত্রীর জন্য অপেক্ষা বা চার্জ দেয়ার সময় কী করবেন খুঁজে পান না? তাহলে আপনার জন্য সুখবর আসছে। ইলন মাস্ক জানিয়েছেন শিগগিরই টেসলা কারে নেটফ্লিক্স ও ইউটিউব স্ট্রিমিং যুক্ত হবে। প্রাথমিকভাবে শুধু গাড়ি স্থির থাকলেই এই সেবাটি ব্যবহার করা যাবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত না বললেও তিনি জানিয়েছেন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা একটি সিনেমাটিক অনুভূতি পাবেন। গাড়ির সাউন্ড তাকে সিনেমা হলে বসে মুভি দেখার অভিজ্ঞতা দেবে। তবে গাড়ি চলতে শুরু করলে এই সেবা ব্যবহার করা যাবে না। তবে হতাশ হওয়ার কারণ নেই, কারণ ইলন মাস্ক জানিয়েছেন, সামনে সেলফ-ড্রাইভিং প্রযুক্তির অনুমোদন পেলে গাড়ি চলাকালীন সময়েও দেখা যাবে স্ট্রিমিং হওয়া বিভিন্ন শো। মূলত কমদামি টেসলা কার যেমন মডেল ৩, সামনে আসতে যাওয়া মডেল ওয়াই এমন গাড়িগুলোর ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হবে। কালন এসব গাড়ির ওয়াইড-অ্যাসপেক্ট স্ক্রিণ উভয় প্লাটফর্মের ভিডিও দেখতে বেশি সুবিধাজনক। ঠিক কবে নাগাদ এটি দেখা যাবে সেটি নির্ধারিতভাবে জানাননি ইলন মাস্ক। ডিবিটেক/বিএমটি